চৌদ্দগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনি, দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের দাতামা গ্রামে গত বুধবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা শহরের ধর্মপুর দীঘিরপাড় এলাকার শাকিল (২৮) ও ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের রবি (৩০)। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, নিহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। গণপিটুনিতে মৃত্যু ও ডাকাতির ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় দুটি মামলা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত দাতামা গ্রামের আলী হোসেন, করিম ও মহব্বত আলীর বাড়ি ঘেরাও করে ডাকাতির চেষ্টা করে। টের পেয়ে গ্রামে পাহারারত জনগণ ডাকাতদের ধাওয়া করে শাকিল ও রবিকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) অলোক বড়ুয়া ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে শাকিল ও রবিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ভোর পাঁচটার দিকে তাঁদের মৃত্যু হয়। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।গতকাল সকালে ঘটনাস্থলে গেলে দাতামা গ্রামের বাসিন্দারা জানান, দেড় মাসে গ্রামের দুদু মিয়া, খালেক, মালেক, হামিদসহ ২০-২৫ জনের বাড়িতে ডাকাতি ও চুরি হয়। এরপর থেকে গ্রামবাসী চোর-ডাকাত প্রতিরোধে রাতে পালাক্রমে পাহারা দিচ্ছিল। গত রাতে ডাকাতি হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসী টের পেয়ে দুই ডাকাতকে আটক করে পিটুনি দেয়।গ্রামবাসী জানান, প্রতিবছর ধান কাটা শেষে শুকনো মৌসুম এলে চুরি-ডাকাতি বেড়ে যায়। সংঘবদ্ধ ডাকাতেরা লোকজনকে মারধর করে নগদ টাকাসহ মালামাল লুটে নেয়।এদিকে ডাকাত প্রতিরোধে গতকাল সকাল ১০টার দিকে দাতামা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জরুরি সভা হয়। আবদুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান, পরিদর্শক (তদন্ত) মাহবুুব আলম, এসআই অলোক বড়ুয়া, গ্রামের বাসিন্দা শহিদুল হক, মজিবুর রহমান, শাহ আলম মেম্বার, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।