কুমিল্লার চৌদ্দগ্রামে অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনায় পুলিশ গত শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে।উপজেলার পদুয়া এলাকায় বিভিন্ন পথে চলাচলকারী সিএনজিচালিত অটোরিশাচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে পুলিশ শনিবার দুপুরে সন্দেহভাজন নাহিদ ও দেলোয়ার হোসেন নামের দুই তরুণকে আটক করে থানায় নিয়ে যায়। আটক হওয়া ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাঁদের আত্মীয়স্বজনসহ স্থানীয় লোকজন শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় ৩০ মিনিট স্থায়ী অবরোধ করে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে দ্রুত বিচার আইনে নয় ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনসহ মোট ২৪ জনের নামে মামলা করেন।