চৌদ্দগ্রামে পুলিশ-জনতা সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গত বৃহস্পতিবার অপহূত এক আদম ব্যবসায়ীকে উদ্ধারকালে জনতার হামলায় পুলিশ আহত হয়। পরে পুলিশ-জনতার সংঘর্ষে পুলিশ, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য, নারীসহ ১৫ জন আহত হন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, বিদেশে নেওয়ার টাকা লেনদেনের জের ধরে উপজেলার রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের মো. সুজনকে পার্শ্ববর্তী আমানগন্ডা গ্রামের রিপন মিয়ার নেতৃত্বে একদল যুবক বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাবুর্চিবাজার এলাকা থেকে অপহরণ করেন। এ ঘটনায় সুজনের ভাই সুমন মিয়া ওই দিন সন্ধ্যায় মামলা করেন। পরে রাতে উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে পুলিশের একটি দল সুজনকে উদ্ধারের জন্য রিপনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের সঙ্গে অপহূত সুজনের চাচা স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন উপস্থিত ছিলেন। রিপনের পরিবারের লোকজন পার্শ্ববর্তী বাচ্চু মিয়া সর্দারের ঘরে সুজন আছেন বলে জানালে পুলিশ ওই ঘর ঘেরাও করে। এ সময় অপহরণকারী ও উচ্ছৃঙ্খল জনতা পুলিশের উপস্থিতিতে জাকিরের ওপর হামলা চালায়। পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করলে তারা পুলিশের ওপরও হামলা চালায়। হামলায় পুলিশের এসআই কাঞ্চন কান্তি দাশ, এএসআই শাহাদাত হোসেন, কনস্টেবল আবুল কালাম, মিজানুর রহমান ও হারিছ আহত হন।একপর্যায়ে হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে কনস্টেবল আবুল কালাম ও মিজানুর রহমানকে আটকে তাঁদের সঙ্গে থাকা একটি চায়নিজ রাইফেল, শর্টগানসহ দুটি অস্ত্র ছিনিয়ে নেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের অপর সদস্যরা স্থানীয় গণমান্য ব্যক্তির সহায়তায় আটক পুলিশ সদস্য ও ছিনিয়ে নেওয়া অস্ত্রগুলো উদ্ধার করেন। রাত ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাজিদ হোসেন ও এএসপি সার্কেল ইলতুতমিশের নেতৃত্বে এক প্লাটুন পুলিশ ও দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই কাঞ্চন কান্তি দাশ বাদী হয়ে বাচ্চু মিয়া সর্দার, অপহরণকারী রিপনসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-২৫ জনকে আসামি করে মামলা করেন। তবে সুজনকে এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি। সুজনের মা নেহার বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘জানি না, আমার সুজনের ভাগ্যে কী ঘটেছে।’বাচ্চু সর্দারের মা ধনা বিবি বলেন, ‘প্রথম ঘটনার পর দাঙ্গা পুলিশ ও সাদা পোশাকধারী লোকজন আমাদের বাড়ির তিনটি ঘরে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালিয়ে সমস্ত মালামাল তছনছ করে দেয়।’ এ সময় পুলিশের হামলায় শামছুন্নাহার, ছেতারা বেগম, মুন্নী, সুইটি, নাহার আহত হন।আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি কামরুল হাসান জানান, পুলিশি তাণ্ডবের ঘটনা সঠিক নয়। এটা তাদের সাজানো। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অপহূত যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।