চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে কর্মীদের সংঘর্ষে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে গতকাল সোমবার চৌদ্দগ্রামে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন। এ সময় পুলিশ জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।প্রসঙ্গত, গত শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের বাসিন্দা স্থানীয় জামায়াত নেতা আলাউদ্দিন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল কুমিল্লায় অর্ধদিবস হরতালের ডাক দেয় জেলা জামায়াত।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি, চিওড়া, আমজাদের বাজার, বাতিসা, আটগ্রাম ও পৌর এলাকার লাকসাম সড়কের মাথাসহ উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা সমবেত হতে থাকেন। এ সময় তাঁরা ১৪-১৫টি গাড়ির কাচ ভাঙচুর করেন ও কয়েকটি গাড়ির চাবি নিয়ে যান। হরতাল চলাকালে চৌদ্দগ্রাম বাজারে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।সূত্র জানায়, গতকাল সকাল ১০টা পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা সদরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। হরতাল সমর্থকদের তৎপরতার কারণে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।সূত্র জানায়, উপজেলার আমজাদের বাজার এলাকায় হরতাল-সমর্থকেরা ইউছুফ নামের ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে। সকাল সাতটার দিকে চৌদ্দগ্রাম বাজার এলাকায় হরতাল-সমর্থকেরা চট্টগ্রামগামী একটি ট্রাকের কাচ ভাঙচুর করে। এ সময় ট্রাকচালকের বাম চোখে আঘাত লাগে। চৌদ্দগ্রাম বাজারে হরতাল-সমর্থকদের ছোড়া পাথরের আঘাতে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহামঞ্চদ নূর ও কনস্টেবল সাইফুল ইসলাম আহত হন।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর শাহাব উদ্দিন বলেন, হরতালের সময় পুলিশের গুলিতে কামাল হোসেন নামের তাঁদের এক কর্মী আহত হয়েছেন। এ ছাড়া তাঁদের আরও চার নেতা-কর্মী আহত হন।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ১১১টি রাবার বুলেট ও চারটি টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করেছে। তিনি জানান, হরতালের সময় পুলিশ জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।