চৌদ্দগ্রামে পেট্রলবোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরও এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (২৮)।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক এ বি এম বোরহানউদ্দিন আজ বুধবার বিকেলে জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে রাশেদুল মারা যান। তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। রাশেদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রহরকান্দা গ্রামে।
এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল আটে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী ওই বাসে পেট্রলবোমা ছোড়া হয়। আইকন পরিবহনের বাসটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। ওই ঘটনায় সাতজন বাসযাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও অন্তত ২৮ বাসযাত্রী। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন..