চৌদ্দগ্রামে পড়া না পারায় শিশুছাত্রকে বেদম প্রহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার পড়া না পারায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বেদম পিটিয়েছেন এক শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির বড় ভাই। আহত শিশুটির নাম শেখ ফরিদ। সে আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের নূরন্নবীর ছেলে। পরিবার জানায়, বুধবার ক্লাসে পড়া না পারায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম শিশু শেখ ফরিদকে শ্রেণীকক্ষে পাঠ নির্দেশক লাঠি দিয়ে বেদম পেটান। শিশুটি বিকেলে বাড়ি ফিরলে তার মা ও পরিবারের লোকজন শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমসহ আঘাতের চিহ্ন দেখতে পায়। গতকাল সকালে বড় ভাই নূর ফরিদ শিশুটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসমাইল হোসেনের কাছে নিয়ে যান এবং ঘটনার বর্ণনা দেন। চেয়ারম্যান বিষয়টি তত্ক্ষণাত্ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেনকে জানান। ইউএনও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।ইউপি চেয়ারম্যান ইসমাইল বলেন, ‘শিক্ষক জাহিদের মারমুখী আচরণের কারণে ছাত্রছাত্রীরা সব সময় আতঙ্কিত থাকেন বলে শুনেছি।’শিক্ষক জাহিদুল ইসলাম শিশুটিকে মারধরের বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।