চৌদ্দগ্রামে বখাটেদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত আবদুল ওয়াদুদ (৪৮) মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওয়াদুদ উপজেলার চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের বাসিন্দা। ওয়াদুদের পরিবার, এলাকাবাসী ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ১১ আগস্ট সন্ধ্যায় ওয়াদুদের স্ত্রী দুই নারী আত্মীয়কে সঙ্গে নিয়ে পাশের নাঙ্গলকোট উপজেলার মনতলী গ্রামের ছাদেকের বাড়ির উদ্দেশে রওনা হন। চিলপাড়া-মনতলী সেতুর ওপর পৌঁছালে সেখানে অবস্থানরত চাপিরতলা গ্রামের মাছুম, শাহিন, কামাল ও মহিন তাঁদের উত্ত্যক্ত করেন। খবর পেয়ে আবদুল ওয়াদুদ ও ইলিয়াছ ঘটনাস্থলে পৌঁছে এর প্রতিবাদ জানান। বখাটেরা তাঁদের লাঞ্ছিত করে। পরে আবদুল ওয়াদুদ সামাজিকভাবে বখাটেদের বিচার চান। ১২ আগস্ট রাতে ওয়াদুদসহ চিলপাড়া গ্রামের চার-পাঁচজন লোক ধোড়করা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চাপিরতলা গ্রামের একটি রাস্তায় ওত পেতে থাকা বখাটেরা ওয়াদুদকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ওয়াদুদকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাত ১০টার দিকে ওয়াদুদ মারা যান। হামলার ঘটনার পরদিন ওয়াদুদের ভাই আবদুল আহাদ বাদী হয়ে ওই চারজন বখাটেসহ ১৭ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। থানার ওসি ইসমাইল মিঞা বলেন, ঘটনার পর বখাটেদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।