চৌদ্দগ্রামে বাবার হাতে মেয়ে খুন!
ঘুমের ব্যাঘাত ঘটায় গতকাল শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যক্তি তাঁর তিন মাস বয়সী শিশুকন্যাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পেচাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, পেচাইমুড়ি গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল মমিন বৃহস্পতিবার গভীর রাতে ঘুমাতে যান। গতকাল ভোরে মেয়ে মহিমা আক্তার কান্নাকাটি শুরু করলে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটে। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে মহিমাকে আছাড় মারেন। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর আবদুল মমিন পালিয়ে যান। চৌদ্দগ্রাম থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহত শিশুর মা সেলিনা বেগম মমিনকে আসামি করে হত্যা মামলা করেছেন।গত ১৭ মার্চ মহিমার জন্মের পর বাবা আবদুল মমিন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়ার কাছে বিক্রি করে দেন। মা সেলিনার বিরোধিতার কারণে হাসপাতালের চিকিৎসকদের হস্তক্ষেপে আয়া শিশু মহিমাকে ফেরত দিকে বাধ্য হন।