চৌদ্দগ্রামে বাসচাপায় একই পরিবারের চারজন নিহত
কুমিল্লার একটি বেসরকারি ক্লিনিকে পাঁচ মাস আগে জন্ম হয় রিয়াদের। জন্মের পরপরই রিয়াদ চলে যায় নানার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার ফনকীপত ইউনিয়নের আতাকরা গ্রামে। মা-বোন, দুই নানিসহ পরিবারের ছয় সদস্যকে নিয়ে রিয়াদ গতকাল প্রথমবারের মতো যাচ্ছিল সদর দক্ষিণ উপজেলার লালবাগে দাদার বাড়িতে। কিন্তু সে যাওয়া আর হয়নি। বাসের চাপায় মৃত্যু হয়েছে রিয়াদসহ পরিবারের চার সদস্যের। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। গতকাল রোববার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত অন্য ব্যক্তিরা হলেন নানি সখিনা বেগম (৬০) রিয়াদের বড় বোন যূথী (৭), খালাতো বোন রূপা (৫)। আহত ব্যক্তিরা হলেন রিয়াদের মা জোসনা বেগম, খালা হাসনা, প্রতিবেশী নানি লুসিয়া বেগম (৬৫) ও সিএনজি চালক সফিক। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর তাঁদের কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, লালবাগ গ্রামে সৌদি প্রবাসী স্বামী সৈয়দ কাউছারের বাড়ি যেতে রিয়াদের মা অন্যদের নিয়ে গতকাল সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। পথে মহাসড়কের নোয়াপাড়া স্থানে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪-০৬০১) সঙ্গে তাঁদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে রিয়াদ ও যূথীর মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রূপা ও সখিনার।নোয়াবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সমীর দাশ জানান, বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।