চৌদ্দগ্রামে বিডিআর অবরুদ্ধ, মাদকসহ গ্রেপ্তার ১
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সীমান্তে গত শনিবার রাতে আমদানি নিষিদ্ধ ২২৬ বোতল ভারতীয় ফেনসিডিল, মদ ও বিয়ারসহ আক্কাস আলী (২৮) নামের একজনকে আটক করেছে বিডিআর সদস্যরা। এই মাদক ও আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে চোরাচালানি চক্রের সদস্যরা বিডিআরের সদস্যদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় বিডিআরের আটগ্রাম সীমান্তফাঁড়ির হাবিলদার হারুনুর রশিদ আটক আক্কাসসহ ২০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করেছেন।মামলার এজাহারে জানা যায়, হাবিলদার হারুনুর রশিদের নেতৃত্বে বিডিআর সদস্যরা বৈদ্দেরখিল ও রামরায় গ্রাম এলাকায় শনিবার টহল দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীমান্তের মেইন পিলার ২১০৯-এর ৭ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে ভারত থেকে কয়েকজন লোক মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিডিআর সদস্যরা থামতে বললে চোরাচালানি চক্রের সদস্যরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। বিডিআর আক্কাস আলী নামের একজনকে আটক করে তিনটি বস্তা উদ্ধার করে। তিনটি বস্তায় ২২৬ বোতল ফেনসিডিল, মদ ও বিয়ার ছিল।এ সংবাদ ছড়ালে বৈদ্দেরখিল ও রামরা গ্রামের চোরাচালানি চক্রের লোকজন কিছুক্ষণ পর লাঠি, বল্লম, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে বিডিআরকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক মাদকদ্রব্যসহ আক্কাস আলীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিডিআর দুটি ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিডিআরকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে বিডিআর ও চৌদ্দগ্রাম থানার পুলিশ রাত নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিডিআরের হাবিলদার হারুনুর রশিদ ও চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।