চৌদ্দগ্রামে বিধবার জমিতে মার্কেট নির্মাণের প্রতিবাদ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিয়াতলা বাজারে এক বিধবার জমিতে মার্কেট নির্মাণের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ অংশ নেয়। গত বছরের মার্চ মাস থেকে ওই এলাকার প্রভাবশালী আজিজুর রহমান ও তাঁর সহোদরেরা মিলে ওই মার্কেট নির্মাণ করে আসছেন। এ ক্ষেত্রে আদালতের স্থিতাবস্থা থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণ করছেন।সরেজমিনে গিয়ে জানা গেছে, ২০০৯ সালের মার্চ মাস থেকে কালিয়াতলা বাজারে উপজেলার রামপুর গ্রামের প্রয়াত বজলুর রহমানের ছেলে আজিজুর রহমানের (৩৪) নেতৃত্বে ৭৭ শতক জায়গায় মার্কেটের নির্মাণকাজ চলছে। কিন্তু ওই জায়গার মধ্যে ৩৯ শতক জায়গা বিষ্ণুপুর গ্রামের বিধবা রেজিয়া বেগমের। রেজিয়া বেগম ২০০৯ সালের জুনে কুমিল্লার আদালতে মামলা করলে আদালত মার্কেট নির্মাণের ব্যাপারে স্থিতাবস্থা জারি করেন। কিন্তু ওই নির্দেশ অমান্য করে আজিজুর রহমান মার্কেটের এক তলার ছাদের কাজ ইতিমধ্যে শেষ করে ফেলেন।এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১২টায় ওই মার্কেটের সামনে রেজিয়া বেগমের নেতৃত্বে মানববন্ধন হয়।