চৌদ্দগ্রামে বিপক্ষে ও কুমিল্লায় পক্ষে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজী জাফর আহমদের নাম গত রোববার ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এর প্রতিবাদে গতকাল সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি সংবাদ সম্মেলন করে। অন্যদিকে এরশাদের ঘোষণাকে স্বাগত জানিয়ে একই দিন দুপুরে সংবাদ সম্মেলন করে দলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি। দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, গতকাল বেলা ১১টায় চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে কাজী জাফর আহমদকে বাদ দিয়ে দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এন এম শফিকুর রহমানকে প্রার্থী করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি খায়েজ আহমদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম অভিন্ন সুরে বলেন, ২০১০ সালের সেপ্টেম্বরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ চৌদ্দগ্রাম থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শফিকুর রহমানের নাম ঘোষণা করেন। এর পর থেকেই চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি তাঁর নেতৃত্বে এককাট্টা হয়ে কাজ করছে। অন্যদিকে কাজী জাফর আহমদ দলীয় নেতা-কর্মীদের পাশে না দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া ও ঢাকায় অবস্থান করেছেন। এ অবস্থায় কোনোভাবেই কাজী জাফর আহমদকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাঁকে প্রার্থী করা হলে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের মতো চৌদ্দগ্রামে জাতীয় পার্টির ভরাডুবি হবে। এদিকে কাজী জাফরকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করায় কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করা হয়। নগরের জিলা স্কুল সড়কের বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় পার্টির দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ। সংবাদ সম্মেলনে এয়ার আহমেদ বলেন, ‘কাজী জাফর আহমদের মতো বর্ষীয়ান রাজনীতিবিদকে চৌদ্দগ্রাম থেকে মনোনয়ন দেওয়ায় আমরা অভিনন্দন জানাচ্ছি। তাঁর মনোনয়নের মধ্য দিয়ে চৌদ্দগ্রামে জাতীয় পার্টি আরও সুসংগঠিত হবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি জোসনা বেগম, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হুমায়ুন কবীর মুন্সী, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।