চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যবসায়ীর মুখে জোর করে বিষাক্ত পদার্থ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর দুই ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জাহাঙ্গীর শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
জাহাঙ্গীরের স্ত্রী সাজেদা বেগম অভিযোগ করেন, উপজেলার মুন্সিরহাট বাজারে সততা কো-অপারেটিভ ও একটি সেলুনের মালিক জাহাঙ্গীর, শহীদুল ইসলাম ও জালাল। ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরের সঙ্গে অন্য দুজনের বিরোধ চলছিল। এরই জের ধরে তাঁরা দুজন গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় জাহাঙ্গীরকে জোর করে বিষাক্ত পদার্থ পান করিয়ে বাড়ির সামনে ফেলে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার বিকেলে ঢাকায় নেওয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়।