৩ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, একজন নিখোঁজ
চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ র্যাব সদস্য আহত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে দক্ষিণ কাইচ্ছুটি গ্রামে গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাবের তিন কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় র্যাব পাল্টা গুলি ছুড়লে আলাউদ্দিনসহ (২০) তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন বলে এলাকাবাসী জানিয়েছেন।আলাউদ্দিনের পরিবারের দাবি, র্যাবের গুলিতে আলাউদ্দিনের মৃত্যু হলে তাঁরা লাশ নিয়ে যান। তবে র্যাবের দাবি, আলাউদ্দিনের মৃত্যুর কোনো খবর তারা জানে না। কোনো লাশ তারা নেয়নি।হামলায় আহত র্যাবের কর্মকর্তারা হলেন র্যাব-১০-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মামুন, উপসহকারী পরিচালক হারুন ও সোহেল। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, তাঁদের ধারণা, র্যাবের গুলিতে এলাকার মাদক ব্যবসায়ী নবী হোসেন ও তাঁর ভাই আলাউদ্দিন এবং জসিম আহত হয়েছেন। তাঁরা গোপনে ফেনী ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।র্যাব-১০-এ কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) এনাম গতকাল বুধবার মুঠোফোনে সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সাদা পোশাকে ক্যাপ্টেন মামুনের নেতৃত্বে র্যাবের ছয় সদস্যের একটি দল ক্রেতা সেজে মাদক উদ্ধারে দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের মাদক ব্যবসায়ী আলাউদ্দিনের বাড়িতে যায়। সেখান থেকে এক হাজার ২০০ বোতল ফেনসিডিল নেয় তারা। দর কষাকষির একপর্যায়ে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন ও তাঁর দলবল সশস্ত্র অবস্থায় র্যাবের ওপর হামলা চালিয়ে ফেনসিডিলগুলো ছিনিয়ে নেয়। এতে র্যাবের তিন সদস্য আহত হন। একপর্যায়ে র্যাব নিজেদের পরিচয় দেয়। র্যাবের পরিচয় পেয়ে মাদক ব্যবসায়ীরা ডাকাত-ডাকাত বলে চিত্কার করতে থাকেন এবং এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এ সময় র্যাব ১০টি ফাঁকা গুলি করে ওই স্থান ত্যাগ করে।দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের পাশের লাটিমি রাস্তার মাথার মুদি দোকানদার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুর রহিম জানান, রাত ১১টার দিকে ট্যাক্সিক্যাবে করে কয়েকজন লোক এসে র্যাবের সদস্য পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের বাঁশতলা এলাকায় যেতে বলেন। র্যাবের সদস্যরা তাঁকে জানান, মাদক ব্যবসায়ীরা র্যাবের তিন সদস্যের ওপর হামলা চালিয়ে বাঁশতলা এলাকায় আটক রেখেছেন।আবদুর রহিম আরও জানান, র্যাবের সদস্যদের কথামতো তাঁদের সঙ্গে বাঁশতলার কাছাকাছি পৌঁছালে তিনটি গুলির শব্দ শুনতে পান তিনি। ঘটনাস্থলে গিয়ে একটি লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেন এবং কিছুক্ষণের মধ্যে কালো রঙের একটি মাইক্রোবাস এসে লাশটি তুলে নিয়ে যায়।গতকাল দক্ষিণ কাইচ্ছুটি গ্রামে আলাউদ্দিনের বাড়িতে গিয়ে সেখানে আহাজারি দেখা যায়। আলাউদ্দিনের মা নুরুননেছা, বোন জুলেখা ও পরিবারের অন্য সদস্যরা দাবি করেন, মঙ্গলবার রাতে র্যাবের সদস্যরা আলাউদ্দিনকে বাড়ির সামনে গুলি করে হত্যা করে তাঁর লাশ একটি মাইক্রোবাসে নিয়ে চলে যায়। এখন পর্যন্ত লাশ ফিরে পাননি তাঁরা।তবে এএসপি এনাম দাবি করেন, আলাউদ্দিনের মারা যাওয়ার কোনো তথ্য তাঁদের কাছে নেই। তাঁরা তাঁর লাশ আনেননি। লাশ ছিনিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, আলাউদ্দিন যদি মারা যান বা গুলিবিদ্ধ হন, তাহলে তাঁদের (মাদক ব্যবসায়ী) গুলিতে মারা যেতে পারেন। আলাউদ্দিনের খোঁজ নিতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলা হয়েছে।এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি আবু সালাম চৌধুরী বলেন, ‘কাইচ্ছুটি গ্রামে র্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি ও মাদক ব্যবসায়ী আলাউদ্দিন নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।’