চৌদ্দগ্রামে মাদ্রাসা শিক্ষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আবু রশিদ নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গত সোমবার উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।এর প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী এ ঘটনায় সন্দেহভাজনদের বাড়িতে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু রশিদের (৬০) সঙ্গে তাঁর ভাতিজা গোলাম আজম গংয়ের দীর্ঘদিন ধরে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ কারণে আবু রশিদ সম্পত্তির সুষ্ঠু ভাগবাটোয়ারা করে দিতে গত সোমবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিসের আয়োজন করেন। উপস্থিত সালিসকারী লোকজন বাড়ি মেপে সীমানা নির্ধারণ করে বিষয়টি নিষ্পত্তি করেন। তাঁর চলে যাওয়ার পর বিকেলে গোলাম আজম গং লাঠিসোঁটা নিয়ে চাচা আবু রশিদের ওপর হামলা চালায়। ভাতিজাদের লাথি, কিল ঘুষি এবং লাঠির আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে রশিদকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোলাম আজমসহ ১৪ জনকে আসামি করে সোমবার রাতে রশিদের মেয়ে রাবেয়া বেগম হত্যা মামলা করেছেন।