চৌদ্দগ্রামে যৌতুক না পেয়ে গৃহবধূকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুক না পেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মার্চ উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের মোজাম্মেল হোসেন মজুমদারের সঙ্গে চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের সুলতানা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় সুলতানার পরিবার মোজাম্মেল হোসেনকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকার আসবাব দেয়। বিয়ের এক মাস পর থেকে স্বামী মোজাম্মেল পাশের মিয়াবাজারে কম্পিউটারের দোকান দেওয়ার কথা বলে সুলতানাকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে তাঁকে একাধিকবার শারীরিক নির্যাতন করা হয়। টাকা এনে না দেওয়ায় মোজাম্মেল ও তাঁর পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে সুলতানাকে মারধর করেন।