চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর গ্রামে যৌতুকের দাবিতে কুলসুম আক্তার (১৯) নামের এক নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে কুলসুমের লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই এ ঘটনায় কুলসুমের বাবা আবদুল গফুর একটি হত্যা মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে উপজেলার কাদৈর গ্রামের আলী আজমের ছেলে নার্সারি ব্যবসায়ী বিল্লাল হোসেনের সঙ্গে কুলসুমের বিয়ে হয়। বিয়ের সময় কুলসুমের পরিবার যৌতুক হিসেবে বিল্লালকে নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র দেয়। কিন্তু দাবি করা আরও ২০ হাজার টাকা এনে দেওয়ার জন্য কুলসুমকে বিল্লালের পরিবার চাপ দেওয়াসহ নির্যাতন করতে থাকে। ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বিল্লাল, তাঁর মা আয়েশা বেগম, বোন রৌশনারা বেগম, রৌশনারার স্বামী খোকন কুলসুমকে পিটিয়ে হত্যা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির জানান, কুলসুমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।