চৌদ্দগ্রামে শিক্ষকদের প্রতিবাদ সভা ও সঞ্চারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে হামলা ও সেখানে উপস্থিত শিক্ষক-কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ করেছেন শিক্ষকেরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের বাইরে এ প্রতিবাদ সমাবেশ হয়। পরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সঞ্চারকলিপি দেন তাঁরা। সঞ্চারকলিপিতে উল্লেখ করা হয়, চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন তাঁর বেতন-ভাতার দাবিতে রোববার দুপুরে লোকজন নিয়ে উপজেলা শিক্ষা কার্যালয়ে এসে হামলা চালান। বাধা দিলে তাঁদের হামলায় এক শিক্ষকসহ কার্যালয়ের বেশ কয়েকজন কর্মচারী লাঞ্ছিত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বিদ্যালয় খুললে আন্দোলন শুরু করা হবে বলে স্মারকলিপিতে জানানো হয়। এদিকে হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে গতকাল দুপুরে উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সভা হয়। এতে বক্তৃতা করেন চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ইব্রাহিম খলিল, প্রধান শিক্ষক আবদুল কাদের জিলানী প্রমুখ। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিদা আলম জানান, অভিযুক্ত শিক্ষক জয়নালকে আট মাস আগে ফিরনাশাল প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। কিন্তু তিনি সেখানে এক মাস কাজ করার পর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাত মাস যাবৎ অনুপস্থিত রয়েছেন। এতে তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়। সেই বেতনের দাবিতেই গত রোববার তিনি শিক্ষা কার্যালয়ে এসে হুমকি-ধামকি শুরু করেন। কার্যালয়ে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা তাঁকে শান্ত করতে এগিয়ে এলে হামলা ও ভাঙচুর করে জয়নালের সঙ্গের লোকজন। অভিযুক্ত শিক্ষক জয়নাল আবেদীনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন সঞ্চারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, এরই মধ্যে জয়নাল আবেদীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।