চৌদ্দগ্রামে শিবির কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, কাল কুমিল্লায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আবদুল আজিজ (২৫) নামের শিবিরের এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে যুবলীগ নামধারী সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জেলা জামায়াতের আমির আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, ওই ঘটনার প্রতিবাদে আজ বুধবার জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও দোয়া কর্মসূচি এবং কাল বৃহস্পতিবার জেলায় আধা বেলা হরতাল পালন করা হবে।

নিহত আবদুল আজিজ আলকরা ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি আহছান উল্যাহর বড় ভাই ও ফেনী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বষের্র ছাত্র। তাঁর বাড়ি উপজেলার সোনাইছা গ্রামে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গত সোমবার গ্রামের বাড়িতে যান আজিজ। বিকেলে পদুয়াবাজার যান তিনি। পরে মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হলে যুবলীগের কর্মীসহ কয়েকজন তাঁকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী কুলাসার গ্রামে নিয়ে যান। এ সময় আজিজকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান। রাত নয়টার দিকে পুলিশ আবদুল আজিজকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের লোকজন আজিজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবিরের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে আজিজের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম জানান, সোনাইছা গ্রাম ভারতের সীমান্তবর্তী হওয়ায় সেখানে মাদক ক্রয়-বিক্রয় নিয়ে প্রায়ই সংঘর্ষ হয়। আজিজের সঙ্গে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মীর বিরোধ ছিল না। তিনি দাবি করেন, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে অন্য কেউ ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. ইসমাইল মিয়া জানান, গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।