চৌদ্দগ্রামে শিবির কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আবদুল আজিজ (২৫) নামের শিবিরের এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে যুবলীগ নামধারী সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জেলা জামায়াতের আমির আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, ওই ঘটনার প্রতিবাদে আজ বুধবার জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও দোয়া কর্মসূচি এবং কাল বৃহস্পতিবার জেলায় আধা বেলা হরতাল পালন করা হবে।নিহত আবদুল আজিজ আলকরা ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি আহছান উল্যাহর বড় ভাই ও ফেনী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বষের্র ছাত্র। তাঁর বাড়ি উপজেলার সোনাইছা গ্রামে।আজিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবিরের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে আজিজের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।