চৌদ্দগ্রামে শিবিরের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার সকালে ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে শিবিরের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তাঁরা ১০-১২টি যানবাহনে ভাঙচুর চালান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা প্রথম আলোকে জানান, সকালে উপজেলার দেড়কোটা এলাকায় একটি কিন্ডারগার্টেনে শিবিরের নেতা-কর্মীরা সভা করছিলেন। সেখানে বেলা ১০টার দিকে অভিযান চালিয়ে শিবিরের উপজেলা সদরের সেক্রেটারি আলী হোসেন, অর্থসম্পাদক রবিউল করিমসহ আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

 প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গ্রেপ্তারের এ খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে শিবিরের কয়েক শ কর্মী-সমর্থক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাকসাম রোডের মাথা, চিওড়া, আটগ্রাম ও চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ ১০-১২টি যানবাহনে ভাঙচুর চালানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে জামায়াত-শিবিরের বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া শিবিরের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ আটজন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা জামায়াতের আমির সাহাব উদ্দিন জানান, সকালে দেড়কোটা এলাকায় ছাত্রশিবির এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান শেষে শিবিরের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি ইসমাইল সন্ধ্যায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পিস্তলের ১৩টি ও শটগানের ৩০টি গুলি ছোড়ে। গ্রেপ্তার করা শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন মামলার আসামি। তাঁদের থানাহাজতে রাখা হয়েছে।