চৌদ্দগ্রামে শিশু ধর্ষণের শিকার
কুমিল্লার চৌদ্দগ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের একটি গ্রামে গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুর পরিবার ও এলাকার কয়েকজনের বিবরণ অনুযায়ী, শিশুটি স্থানীয় বাজার থেকে ডাল কিনে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের আলমগীর হোসেন (২৬) শিশুটিকে কৌশলে তাঁর বাড়ির পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে আলমগীর পালিয়ে যান। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন প্রথমে শিশুটিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্লে-গ্রুপের ছাত্রী। স্থানীয় লোকজন জানান, বখাটে আলমগীর চুরিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তিন মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। তাঁরা আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মজিবুল হক বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।