চৌদ্দগ্রামে শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাসেল (১২) নামের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে সহপাঠীদের বিরুদ্ধে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের তুলাপুস্করণী গ্রামে গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, গতকাল দুপুরে গ্রামের একটি মাঠে তুলাপুস্করণী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে রাসেল তার সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালে বিরোধের জের ধরে সহপাঠী পার্শ্ববর্তী ধনুসাড়া গ্রামের বাহারের ছেলে হাসান ও এয়াছিনের ছেলে লিটনসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারে। একপর্যায়ে রাসেল অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ আজ শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।রাসেলের মৃত্যুতে তার মা সরুফা বেগমসহ আত্মীয়স্বজনের আহাজারিতে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সহপাঠীরা পলাতক।চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আ ন ম শহিদুল ইসলাম জানান, পথিমধ্যে রাসেলের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, দারিদ্র্যের কারণে রাসেলকে পড়ালেখা শেখাতে পারেনি তার পরিবার। বাবার মৃত্যুর পর মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। সে সঙ্গে গ্রামবাসীর আর্থিক সাহায্যে তাদের সংসার চলত। চার ভাই ও তিন বোনের মধ্যে রাসেল ছিল তৃতীয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।