কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সোহাগ মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সোহাগের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।পারিবারিক সূত্র জানায়, চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের সোহাগ মিয়ার (২৫) সঙ্গে আট মাস আগে উপজেলার নোয়াপাড়া গ্রামের রিমা আক্তারের (১৭) বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহাগ তাঁর শ্বশুরবাড়িতে থাকেন। সম্প্রতি সোহাগ স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলে পারিবারিক কলহ শুরু হয়।পুলিশ, স্থানীয় সূত্র ও সোহাগের পরিবারের ভাষ্যমতে, পারিবারিক কলহের জের ধরে সোহাগকে বুধবার রাতে শ্বশুরবাড়িতে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার আগে সোহাগের শ্বশুর ও শ্যালকেরা বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ জানায়, সোহাগের বাবা মানিক মিয়া গতকাল সোহাগের স্ত্রী, শাশুড়ি, শ্বশুর ও শ্যালক শরিফকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ সোহাগের স্ত্রী রিমা ও শাশুড়ি ছফুরা বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে।চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় সোহাগের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হোসেন বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, সোহাগ রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।