চৌদ্দগ্রামে সবজি খেত থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর গ্রামের একটি সবজিখেত থেকে আসমা আক্তার (২১) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আসমা আক্তার জগমোহনপুর গ্রামের আনা মিয়ার মেয়ে। পূর্বশত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ প্রথম আলোকে বলেন, জগমোহনপুর গ্রামের আনা মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছয় মেয়ে ও দুই ছেলে। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ও দুই মেয়ে। আসমা আক্তার প্রথম স্ত্রীর সন্তান। গত বুধবার রাতে তিনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও ঘুমিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে পরিবারের অন্য সদস্যরা দেখতে পান, ঘরের মধ্যে আসমা নেই। এরপর বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজাখুঁজি করা হয়। পরে বাড়ির পশ্চিম পাশের একটি বরবটির খেতে তাঁর লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর পাঠান। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। আসমার গলায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন ও চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। একই সঙ্গে আলামত সংগ্রহ করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়।
আসমা আক্তারের বাবা আনা মিয়া প্রথম আলোকেবলেন, ‘রাতে একসঙ্গে সবাইকে ভাত খাইয়েছে আসমা। এরপর আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ওর লাশ সবজিখেতে পাওয়া যায়।’
জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলা হবে।