চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশাচালক খুন, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজিচালিত একটি অটোরিকশার চালককে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ শাহীন (১৪)। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের দিনমজুর আবদুল মতিনের ছেলে। পুলিশ সূত্র জানায়, শাহীন (১৪) গত বৃহস্পতিবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়। সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজার থেকে যাত্রীবেশী তিন ছিনতাইকারী চানখাঁর দীঘিরপাড় যাওয়ার কথা বলে শাহীনের অটোরিকশায় ওঠে। চানখাঁর দীঘিরপাড় থেকে শাহীনকে মুন্সিরহাট বাজারের দিকে নিয়ে যাওয়া হয়। শাহীনের মুঠোফোন বন্ধ থাকায় অটোরিকশার মালিক মীর হোসেন ওই রাতে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় পুলিশের একটি দল পাশের শুভপুর ইউনিয়নের হাজারীপাড়া গ্রামের একটি শালবাগান থেকে অটোরিকশাটি উদ্ধার করে এবং আবুল বশর নামের একজনকে আটক করে। বশরের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গতকাল দিনভর অভিযান চালিয়ে সন্ধ্যায় ছিনতাইকারী দলের আরও দুই সদস্যকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা শাহীনকে হত্যা করে হাজারীপাড়া এলাকার একটি পুকুরে লাশ ফেলে দেওয়ার কথা স্বীকার করে। গতকাল রাতে ওই পুকুর থেকে শাহীনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গতকাল রাতে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাইজকরা গ্রামে যাত্রীবেশী দুই ছিনতাইকারী চালক জাকির হোসেনকে হত্যার পর অটোরিকশা ছিনতাইকালে গণধোলাইয়ের শিকার হয়। এতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়।