স্কুলে যাওয়ার পথে বখাটেদের উৎপাত ও ইভ টিজিংয়ের শিকার হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রী পড়ালেখা বন্ধ করে নানাবাড়িতে আশ্রয় নেয়। বখাটের দল সেখান থেকেও তাকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় বখাটেরা ছাত্রীর বাবার ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে।চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়েকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে পার্শ্ববর্তী বসন্তপুর গ্রামের দুই সন্তানের জনক আরিফুর রহমান (৩৫) প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বাধ্য হয়ে মেয়ের পড়াশোনা বন্ধ করে দুই মাস আগে গোপনে তাকে নানাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গত ২১ মে সন্ধ্যায় আরিফ কয়েকজনকে নিয়ে তাঁকে অপহরণের চেষ্টা চালায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ তার সহযোগীদের নিয়ে গত মঙ্গলবার বাতিসা বৈদ্যের বাজারে তাঁর ওপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।স্থানীয়রা জানায়, আরিফুর স্টুডিও ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বখাটেদের সঙ্গে আড্ডাও দেয় সে। বখাটেপনার কারণে কিছু দিন আগে পুলিশ তাকে আটকও করেছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের তদবিরে ছাড়া পেয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।