চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবলীগের নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় কাজী কামরুল ইসলাম নামের এক যুবলীগের নেতা নিহত ও তাঁর এক বন্ধু আহত হয়েছেন। কামরুল বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের কাজী মাওলানা ইসমাইল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম উপজেলা সদরের রামরায় গ্রামের অপু নামে এক তরুণ তাঁর বন্ধু স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা কামরুলকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা রাস্তা মাথা থেকে চৌদ্দগ্রাম বাজারে আসছিলেন। মহাসড়কের হায়দারপুল এলাকায় একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কামরুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এক মাস আগে কামরুলের বিয়ে হয় এবং ঈদের পর তাঁর বৌ-ভাত অনুষ্ঠান হওয়ার কথা ছিল।