চৌদ্দগ্রামে হামলায় প্রতিবন্ধীসহ তিনজন আহত
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রতিবন্ধীর দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় তিনজন আহত হন। গত শুক্রবার রাতে উপজেলার তৈয়াসার গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় গত শনিবার বিকেলে প্রতিবন্ধী আরিফুর রহমান চৌদ্দগ্রাম থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এলাকাবাসী ও স্বজনদের সহায়তায় তৈয়াসার গ্রামের রাস্তার পাশে মুদি ও চায়ের দোকান দেন আরিফুর রহমান। পার্শ্ববর্তী হিঙ্গুলা গ্রামের আবু তাহের ওরফে চট্টু মিয়া ও তাঁর সহযোগীরা বিভিন্ন সময় আরিফুরের দোকান থেকে বাকিতে সিগারেট নিয়ে চলে যেতেন। টাকা চাইলে তাঁরা তাঁকে মারধরসহ প্রাণনাশ ও দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে শুক্রবার দরজা ভেঙে দোকানের ভেতরে ঢুকে তাঁকে মারধর করে মালামাল নিয়ে যান। এ সময় তাঁরা তাঁর ভাই হাবিবুর রহমান ও ভাতিজা খলিলুর রহমানকেও পেটান।