চৌদ্দগ্রামে হোটেলে আ.লীগ কর্মীদের হামলা, আহত ৬
কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের কর্মীরা একটি হোটেল হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে হোটেলের মালিকসহ ছয়জন আহত হন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভিটা ওয়ার্ল্ড ট্যুরিজম কমপ্লেক্স নামের ওই হোটেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর চৌদ্দগ্রাম দক্ষিণাঞ্চলের পরিচালক নির্বাচনের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা বৈঠক করেন। সেখানে চা দিতে দেরি হওয়ায় আওয়ামী লীগের কর্মীরা হোটেলের কর্মচারী জ্যোতি ত্রিপুরা ও মুরাদকে মারধর এবং চায়ের কাপ ভাঙচুর করেন। হোটেলের মালিক আবদুল আজিজ বিষয়টি জানতে এলে তাঁকেও মারধর করা হয়। তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে দলটির কর্মীরা হোটেলের কর্মচারী রায়হান, আবদুর রহমান ও নুরুল আমিনকেও মারধর করেন। হোটেলের মালিক আবদুল আজিজকে রাতে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আবদুল আজিজ অভিযোগ করেন, আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসমাইল হোসেনের সামনেই আওয়ামী লীগের কর্মীরা তাঁকে মারধর করেন। তিনি বিষয়টি মুঠোফোনে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন। আলকরা ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন দাবি করেন, ‘মারধরের সময় আমিসহ কয়েকজন হোটেলের মালিককে রক্ষা করি।’ চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হোটেল কর্তৃপক্ষ অভিযোগ করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।