কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বোনকে গণধর্ষণের ঘটনায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। ২৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওসি মো. মোজাম্মেল হোসেনকে এ ঘটনায় তাঁর ভূমিকার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।গতকাল বুধবার একটি আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে ওই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পুলিশের মহাপরিদর্শক, কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশের চট্টগ্রাম বিভাগের উপমহাপরিদর্শক, কুমিল্লার পুলিশ সুপার (এসপি) এবং চৌদ্দগ্রাম থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।এদিকে, ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া, ধর্ষণের শিকার ওই দুই বোনের ডাক্তারি পরীক্ষা শেষে তাঁদের পরিবারের জিমঞ্চায় দেওয়া হয়েছে।জানা গেছে, ওই ঘটনায় গত সোমবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস পর বাংলাদেশের পক্ষে বুধবার হাইকোর্টে আবেদনটি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লা সদর উপজেলার দুই বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান চৌদ্দগ্রামের উজিরপুর এলাকার কড়ইবনের রাসেল ও সদর দক্ষিণের পরানপুর গ্রামের তৈরি পোশাক কারখানার কর্মী মাহবুব আলম। ওই দিন রাতে কাজি অফিসে যাওয়ার কথা বলে দুই বোনকে স্থানীয় শিবেরবাজার কবরস্থানসংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন ১০-১২ জন যুবক। এ সময় ওই দুই বোনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে যুবকেরা পালিয়ে যান। এ ঘটনায় গত মঙ্গলবার ওই দুই বোনের ভাই চৌদ্দগ্রাম থানায় মামলা করেন।