চৌদ্দগ্রামের ব্যবসায়ী ফেনী থেকে উদ্ধার চারজন গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রামে মঞ্জুরুল আলম নামের এক ব্যবসায়ীকে অপহরণের তিন দিন পর গত বুধবার রাতে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ফেনী থেকে তাঁকে উদ্ধার করেন। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ, অপহূত ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মঞ্জুরুল আলম (২৮) গুণবতী বাজারের ফুলের নাওড়ি শাড়ি বিতানের মালিক। গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে পদুয়া-গুণবতী সড়কের উলকা দোকান নামক স্থানে পৌঁছালে অপহরণকারীরা তাঁকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ সময় তাঁর কাছে থাকা এক লাখ ২১ হাজার টাকা ও মুঠোফোনটি কেড়ে নেওয়া হয় এবং তাঁকে নোয়াখালীর চরাঞ্চলের নির্মাণাধীন একটি বাড়িতে আটক রাখা হয়। পরে অপহরণকারীরা মঞ্জুরুলের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। গত বুধবার অপহূতের পরিবারের পক্ষ থেকে কুঞ্জশ্রীপুর গ্রামের মহিন উদ্দিন, গোলাম ফারুক ও জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাত আট থেকে ১০ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ ওই দিন সন্ধ্যায় গোলাম ফারুক (২৯) ও জাহাঙ্গীর আলমকে (২৮) তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাঁদের মুঠোফোনের কললিস্ট ধরে ফেনীর বালিগাঁও গ্রামের গাজী হেলাল উদ্দিন (৩২) ও পূর্ব সিলোনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেপ্তার করা হয়। চৌদ্দগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল কুমিল্লা দায়রা জজ আদালত হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।