চৌধুরী আলমকে অপহরণ করেছে র্যাব: খোকা
ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী আলমকে র্যাব অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন মেয়র সাদেক হোসেন খোকা। তিনি গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি অবিলম্বে চৌধুরী আলমের মুক্তি দাবি করে বলেন, তাঁর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাহলে তাঁকে আদালতে হাজির করা হোক। চৌধুরী আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তাঁকে আটক করে পরে তা অস্বীকার করার প্রতিবাদে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল প্রথম আলোকে জানান, র্যাবের কোনো দল চৌধুরী আলমকে আটক বা গ্রেপ্তার করেনি। মেয়র সাদেক হোসেন অভিযোগ করেন, গত ২৫ জুন শুক্রবার রাত নয়টার দিকে ফার্মগেট এলাকায় চৌধুরী আলমের গাড়ি থামিয়ে তাঁকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী র্যাব সদস্যরা। ওই দিন চৌধুরী আলমের পরিবারের সদস্যরা তেজগাঁও থানায় খোঁজ নিতে গেলে জানানো হয়, হরতালের কারণে তাঁকে আটক করা হয়েছে। হরতাল শেষ হলে ছেড়ে দেওয়া হবে।মেয়র অভিযোগ করেন, ‘এরপর আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমার কাছে র্যাব-পুলিশের কেউই এই আটকের কথা স্বীকার করেনি।’ তিনি বলেন, এর আগেও একবার সাদা পোশাকধারীরা চৌধুরী আলমকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওই দিন পুলিশের চেষ্টায় তিনি রক্ষা পান। ওই দিন সাদা পোশাকধারীর একজন পুলিশের হাতে আটক হলে তিনি গুলশান থানাকে র্যাবের লোক বলে জানান। বিএনপির স্মারকলিপি পেশ: এদিকে চৌধুরী আলমের মুক্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বিএনপি। গতকাল বিকেল তিনটায় সচিবালয়ে মন্ত্রীর একান্ত সচিবের কাছে স্মারকলিপি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।এর আগে গতকাল সকাল থেকে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে মন্ত্রীর একান্ত সচিবের সঙ্গে দফায় দফায় টেলিফোনে যোগাযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাঁর কক্ষে উপস্থিত থাকলেও বিএনপির নেতাদের সঙ্গে দেখা করেননি।