চৌধুরী আলমকে ফিরিয়ে দেওয়ার দাবি খালেদার
বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী আলমকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সরকার তাঁকে আটক করেছে, তাই ফিরিয়ে দেওয়ার দায়িত্বও তাদের।গতকাল সোমবার সন্ধ্যায় চৌধুরী আলমের খিলগাঁওয়ের বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে খালেদা জিয়া এ দাবি জানান।তিনি বলেন, সরকার চৌধুরী আলমকে আটক করেছে। কাজেই তিনি কোথায়, কীভাবে আছেন, তা সরকারকেই জানাতে হবে। তিনি অভিযোগ করেন, ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অনেক মানুষ গুপ্তহত্যার শিকার হয়েছেন। তারা এখন আবার গুপ্তহত্যা শুরু করেছে। পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘সরকারের মন্ত্রীরা এখন তাঁদের ক্যাডার বাহিনীকে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার জন্য প্রকাশ্যে নির্দেশ দিচ্ছেন। দেশে আইনের শাসন নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।’খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, মহিলা দলের সহসভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।চৌধুরী আলম গত ২৫ জুন রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হন। সাদা পোশাকধারী র্যাব সদস্যরা তাঁকে আটক করেছেন বলে পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।