চৌধুরী আলমের মুক্তি বা আদালতে হাজির করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের মুক্তি অথবা তাঁকে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। নেতারা হুঁশিয়ার করে দিলে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় হলে তাঁর বিরুদ্ধে প্রথম মামলাটি করা হবে এই ঘটনায়।চৌধুরী আলমের সন্ধান ও মুক্তির দাবিতে গতকাল শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করে বিএনপি। নেতারা অভিযোগ করেন, গত ২৫ জুন নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে চৌধুরী আলমকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো হদিস নেই। এ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সাক্ষাৎ চেয়েও পাননি বিএনপির নেতারা। তাঁরা অভিযোগ করেন, ঘটনার সঙ্গে সরকার জড়িত থাকার কারণেই এমনটি হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। চৌধুরী আলমকে গুম করে ফেলা তারই একটি অংশ। তাঁর উধাও হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেই জবাব দিতে হবে।সভাপতির বক্তব্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন বলেন, যদি চৌধুরী আলম কোনো অপরাধ করে থাকেন, তাঁর জেল হতে পারে। তবে আইন মেনেই এটা করতে হবে। একজন নির্বাচিত কমিশনারকে গায়েব করে দেওয়া সোজা কথা নয়। এই সরকারের মন্ত্রী-সাংসদদের একদিন না একদিন এর জবাব দিতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘এখন দেশে রাষ্ট্রীয়ভাবে অপহরণ ও গুপ্তহত্যা শুরু হয়েছে। আমাদের সন্দেহ, চৌধুরী আলমকে সরকার অত্যাচার-নির্যাতন করছে, নয়তো হত্যা করেছে। এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা আইনের শাসনে বিশ্বাস করে না।’স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা তাঁকে (চৌধুরী আলম) জনসম্মুখে হাজির করুন এবং তাঁর জীবনের নিরাপত্তার ব্যবস্থা করুন। বাংলাদেশের সব মানুষের নিরাপত্তার বিধান করা আপনাদের দায়িত্ব। যদি এটা করা না হয়, আমরা ধরে নেব, সরকার জনগণের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়েছে।’স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বিএনপির সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে বাধা দেওয়ার সমালোচনা করে বলেন, ‘যদি আমাদের সাংবিধানিক পথে প্রতিবাদ করতে না দেন, তাহলে জনগণ আপনাদের অসাংবিধানিকভাবে ক্ষমতা থেকে হটাবে।’বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি মানুষ নিখোঁজ হয়ে যাবে, কিন্তু কেউ কোনো কথা বলবে না। সরকারও একটি কথা বলবে না। আমরা এ কোন সমাজে বাস করছি।...এই সরকার আত্মহননের পথ বেছে নিয়েছে।’বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে গেলে তাঁর বিরুদ্ধে চৌধুরী আলমের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় প্রথম মামলাটি দেওয়া হবে। চৌধুরী আলমের ছোট ভাই খোরশেদ আলম বক্তৃতা দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার ভাই কোথায় আমি জানতে চাই।’