চৌধুরী বাজারেই থমকে যাচ্ছে যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার সড়কে সৃষ্টি হওয়া খানাখন্দে পানি জমে আছে l প্রথম আলো
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার সড়কে সৃষ্টি হওয়া খানাখন্দে পানি জমে আছে l প্রথম আলো

পিচঢালাই উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার আধা কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরে ধীরে। এতে এখানে যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।

হবিগঞ্জ পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার চৌরাস্তা থেকে পূর্ব দিকে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ি হয়ে খোয়াই নদের বেইলি সেতু এবং চৌরাস্তা থেকে পশ্চিম দিক দিয়ে চৌধুরী বাজার-বগলাবাজার হয়ে কিবরিয়া সেতু পর্যন্ত বিস্তৃত। সড়কটি দিয়ে জেলা সদর থেকে বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলা সদরে চলাচল করে হাজার হাজার মানুষ। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের একেকটি গর্ত দুই থেকে তিন ফুট জায়গাজুড়ে বিস্তৃত। কোথাও কোথাও এই গর্তের আকার আরও বড়। শহরে সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকলেও চৌধুরী বাজারে এসব যান চলাচল ব্যাহত হচ্ছে। গর্তের কারণে চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে এখানে যানজটে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ দুই শতাধিক যান আটকে ছিল।

স্থানীয় লোকজন জানান, বৃষ্টি হলেই বৃষ্টির পানি সড়কের গর্তগুলোতে জমে থাকে। এতে সড়ক কাদাপানিতে একাকার হয়ে যায়। অনেক সময় পানির কারণে গর্ত আছে কি না, তা বোঝা যায় না। এতে অনেক সময় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চাকা গর্তে পড়ে আটকে যায় এবং মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। বাজারের ব্যবসায়ী কমল দাস বলেন, এ সড়কটি ছয়-সাত বছর ধরে কোনো সংস্কার করেনি হবিগঞ্জ পৌরসভা। বড় বড় গর্ত থাকার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ কারণে রিকশাচালকেরা এ এলাকায় আসতে চায় না।

রিকশাচালক রাসেল মিয়া বলেন, শহরের সব জায়গায় ভাড়া যেতে সমস্যা নেই। তবে চৌধুরী বাজার এলাকায় তিনি যেতে চান না। কারণ পাঁচ মিনিটের এ সড়ক পাড়ি দিতে এখন আধা ঘণ্টা লাগে। ওই রাস্তায় খানাখন্দ থাকায় সব সময়ই যানজট লেগে থাকে।

একই এলাকার ব্যবসায়ী মো. কাইউম বলেন, সড়কটি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গাড়ি চলাচলের সময় গর্তে পড়লে গর্তের ময়লা পানি ও পাথর ছিটকে ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে এসে পড়ছে।

হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী দিলীপ দত্ত বলেন, নানা কারণে সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। এ ছাড়া গ্যাসলাইনের পাইপ বসানোর কারণে সড়ক কেটে রাখায় আরও সমস্যা হচ্ছে। তবে রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে এলে দু-এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।