চৌধুরী মুঈনুদ্দীন মিথ্যাচার করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন পলাতক চৌধুরী মুঈনুদ্দীন সম্প্রতি কাতারভিত্তিক প্রচারমাধ্যম আল-জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছেন তাকে চরম মিথ্যাচার বলে আখ্যায়িত করেছে প্রজন্ম ’৭১। গত রোববার প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মুঈনুদ্দীন সাক্ষাৎকারে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তিনি আলবদর বাহিনীর সঙ্গে ছিলেন না। দেশের ট্রাইব্যুনালকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলার মতো ধৃষ্টতাও তিনি দেখিয়েছেন। তিনি যে মিথ্যাচার করছেন, তার প্রমাণ পাওয়া খুব কঠিন কিছু নয়।
ব্রিটিশ চ্যানেল ফোরে প্রচারিত ওয়ারক্রাইমস ফাইল প্রামাণ্য অনুষ্ঠানটি দেখলেই যে কেউ বুঝতে পারবেন, তিনি মিথ্যাচার করছেন। দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফাকে একাত্তরের ডিসেম্বরে অপহরণ করা হয়। গোলাম মোস্তফার ভাই গোলাম দুলু রহমান তখন পূর্বদেশ পত্রিকার সম্পাদক এহতেশাম হায়দার চৌধুরীর কাছে সাহায্যের জন্য যান।
ওই সময় চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন গোলাম মোস্তফার সহকর্মী। এহতেশাম হায়দার চৌধুরী দুলু রহমানকে চৌধুরী মুঈনুদ্দীনের কাছে পাঠান। সে সময় চৌধুরী মুঈনুদ্দীন রিকশায় করে দুলু রহমানকে পুরান পল্টনে আলবদর অফিসে নিয়ে যান। এরপর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ে যান। দুলু রহমান জানিয়েছিলেন, শারীরিক শিক্ষা কেন্দ্রে চৌধুরী মুঈনুদ্দীনকে দেখে প্রহরীরা স্যালুট দিয়েছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে পূর্বদেশ-এ কর্মরত আরেক সাংবাদিক আতিকুর রহমানও একাত্তরের ডিসেম্বরে চৌধুরী মুঈনুদ্দীনকে ও তার ডায়েরি দেখার কথা উল্লেখ করেন। এ ছাড়া মুশতাকুর রহমান, মুস্তাফিজুর রহমান ও শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরীর শ্যালিকা ডলি চৌধুরীও মুঈনুদ্দীনকে দেখেছেন বলে উল্লেখ করেন। ওয়ার ক্রাইমস ফাইলে পরিষ্কারভাবে এই সাক্ষাৎকারগুলো দেখা যায়। বিজ্ঞপ্তি।