চৌধুরী মুঈনুদ্দীনকে দেশে ফেরত পাঠানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত রোববার লন্ডনে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

একই দাবিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। চৌধুরী মুঈনুদ্দিন যুক্তরাজ্যে অবস্থান করছেন।

গত রোববার লন্ডনভিত্তিক সংগঠন চৌধুরী মঈনুদ্দিন এক্সট্রাডিশন ক্যাম্পেইনের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে পালিত হয় দিনব্যাপী অনশন কর্মসূচি। সন্ধ্যায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বালনের আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে চৌধুরী মুঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

বিভিন্ন কর্মসূচির মূল দাবি ছিল, বাংলাদেশ সরকার যেন চৌধুরী মুঈনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে শাস্তির মুখোমুখি করে। এ জন্য যুক্তরাজ্য ও বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।