চৌধুরী মুঈনুদ্দীনের মৃত্যুদণ্ড চান গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪২ বছর পরও কলঙ্ক মোচনের অপেক্ষার প্রহর গুনছেন একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম নায়ক অপারেশন ইনচার্জ চৌধুরী মুঈনুদ্দীনের গ্রামের মানুষ।

শুধু গ্রামবাসী নন, তাঁর স্বজনেরাও মানবতাবিরোধী অপরাধের জন্য তাঁর সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ দাবি করেছেন।

আজ রোববার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার ঘোষণার কথা রয়েছে।

চৌধুরী মুঈনুদ্দীন ফেনীর দাগনভূঞা পৌরসভার ৫ নম্বর জগৎপুর ওয়ার্ড (ফাজিলেরঘাট) চানশাহ্ চৌধুরী বাড়ির মৃত দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের সদস্যরা হাইকমান্ডের নির্দেশে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা নিয়ে আলবদর বাহিনী গঠন করেন এবং দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে অংশ নেন।

সে সময় আলবদর বাহিনী যে কিলিং স্কোয়াড গড়ে তুলেছিল, চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন ওই বাহিনীর অপারেশন ইনচার্জ। মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁর নেতৃত্বে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। স্বাধীনতার পরপরই তিনি আত্মগোপন করেন এবং দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান। ওই ১৮ জন বুদ্ধিজীবীর মধ্যে ফেনীর দুই কৃতী সন্তান সাংবাদিক শহীদুল্লা কায়সার ও সাংবাদিক সেলিনা পারভিনও ছিলেন।

দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জানান, এলাকার লোকজন তাঁকে (চৌধুরী মুঈনুদ্দীন) নামেই চিনেন। মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাসহ তাঁর অপকর্মের কথা শুনেছেন। সাধারণ মানুষ মানবতাবিরোধী অপরাধের জন্য তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করছে। ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বলেন, চৌধুরী মুঈনুদ্দীনের মতো মানবতাবিরোধী অপরাধের নায়কদের সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত।