চৌবাচ্চায় ডুবে তিন শিশুর মৃত্যু
কুষ্টিয়া শহরতলির বারখাদা গ্রামে খেতের পাশে চৌবাচ্চার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
নিহত শিশুরা হলো বারখাদা গ্রামের আজিবরের ছেলে লিখন (৫), মজিবরের ছেলে শাকিল (৪) ও সোহেলের ছেলে তরুণ (৪)।
হাসপাতালে ওই তিন শিশুর স্বজনেরা বলেন, বেলা ১১টার দিকে তরুণ, শাকিল ও লিখন বাড়ির পাশে ধানখেতে যায়। ওই ধান খেত থেকে তরুণের দাদা শামসুল ইসলাম তিনজনকে বাড়ি চলে যেতে বলেন। এরপর সারা দিনে তারা কেউ বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সোয়া পাঁচটার দিকে শাকিলের বাবা মজিবর বারখাদা ক্যানেলপাড়া এলাকার তামাকখেতের পাশে পানি ধরে রাখার জন্য নির্মিত একটি চৌবাচ্চায় তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসান সরওয়ার কল্লোল তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, শাকিল ও লিখন আপন চাচাতো ভাই। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।