চৌমুহনী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা ১১টি অবৈধ দোকানপাট দীর্ঘদিনেও উচ্ছেদ হয়নি। সওজ কর্তৃপক্ষ দখলদারদের উচ্ছেদের নোটিশ দিলেও তাঁরা তা মানছেন না। দখলদারদের দাবি, সওজকে টাকা দিয়েই তাঁরা স্থাপনা করেছেন।চৌমুহনী বাজারে রংপুরের বদরগঞ্জমুখী একটি সংযোগ সড়ক মহাসড়কের সঙ্গে মিশেছে। কিন্তু অবৈধ দোকানপাটের কারণে মহাসড়ক দিয়ে যাতায়াতকারী গাড়ির চালকেরা সংযোগ সড়কটি দেখতে পারেন না। এ কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।সৈয়দপুর থানা সূত্রে জানা গেছে, গত ছয় মাসে ওই এলাকায় ১১টি দুর্ঘটনায় একজন সেনাসদস্যসহ সাতজন নিহত হয়েছে। পুলিশের পক্ষ থেকেও অবৈধ স্থাপনা উচ্ছেদে নীলফামারীর সওজের নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়া হয়েছে বলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান।স্থানীয় বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাদা সরকার বলেন, চৌমুহনী বাজারে মহাসড়কে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় ওই এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অবিলম্বে স্থাপনা উচ্ছেদ করা জরুরি বলে তিনি মনে করেন।অবৈধ দখলদার জামান মিয়া বলেন, ‘সওজের কর্মচারীদের আমরা মাসোয়ারা দিয়ে থাকি। কাজেই আমাদের অবৈধ বলবেন না। যখন সড়ক প্রশস্ত করা হবে, তখন আমরা দোকান সরিয়ে নেব।’চৌমুহনী বাজারের ব্যবসায়ী আবু সাঈদ বলেন, ‘সড়কে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় আমরা বৈধ ব্যবসায়ীরা বিপাকে পড়েছি। কারণ, ওই দোকানগুলো সব বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানকে আড়াল করে রাখছে। দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য আমরা দখলদারদের বহুবার অনুরোধ করেছি। কিন্তু তাঁরা প্রভাবশালী হওয়ায় উচ্ছেদ করা যাচ্ছে না।’সওজ সূত্রে জানা গেছে, ওই অবৈধ ১১টি দোকান সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের গত ৩ জুলাই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে অবৈধ স্থাপনাগুলো সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দখলদারেরা ওই নির্দেশ মানছেন না।এ ব্যাপারে নীলফামারী সওজের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান খান বলেন, অবৈধ দোকানপাটের কারণে চৌমুহনী বাজার এলাকাটা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শিগগিরি দখলদারদের উচ্ছেদ করা হবে। একইসঙ্গে ওই এলাকায় দুর্ঘটনা রোধে মার্কিং, মোড় নির্মাণ ও ডিভাইডার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।