চৌমুহনীতে আ. লীগের মেয়র প্রার্থীকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোষ্টার লাগানো এবং একই প্রচারযানে একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে আজ বৃহস্পতিবার বিকেলে ওই নোটিশ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সরেজমিন তদন্তে মেয়র প্রার্থী আক্তার হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এর আগে একই অভিযোগের বিষয়ে মৌখিকভাবে প্রার্থীকে সতর্ক করা হলেও তিনি শোনেননি। এ কারণে আজ বিকেলে লিখিতভাবে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে। নোটিশে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

তবে রিটার্নিং কর্মকর্তার নোটিশ এখনো পাননি বলে দাবি করেন মেয়র প্রার্থী আক্তার হোসেন ওরফে ফয়সল। সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করছেন। এরপরও রিটার্নিং কর্মকর্তার নোটিশে আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় উল্লেখ থাকলে অবশ্যই সে বিষয়ে পদক্ষেপ নেবেন।