চৌমুহনীতে ঢিলেঢালা হরতাল পালিত
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন বর্জনকারী ছয় প্রার্থীর ডাকে গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের পক্ষে কিংবা বিপক্ষে কোনো তৎপরতা দেখা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই বাণিজ্যিক শহর চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হরতালের কারণে চৌমুহনী হয়ে যাতায়াতকারী ঢাকা ও চট্টগ্রাম অভিমুখী দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে সীমিতসংখ্যক ছোট যানবাহন চলতে দেখা গেছে। বিকেল নাগাদ যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। শহরের বেশির ভাগ দোকানপাট খোলা ছিল। আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও স্বাভাবিক লেনদেন চলেছে।
গত শনিবার চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ব্যালট ছিনতাই, বোমাবাজি, এজেন্টদের মারধর ও কারচুপির অভিযোগে প্রতিদ্বন্দ্বী নয়জন প্রার্থীর ছয়জনই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে গতকাল চৌমুহনী পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন।