চৌর্যবৃত্তি ও করোনা পরিস্থিতির বাংলাদেশ

বাংলাদেশে চৌর্যবৃত্তি বা চুরি পেশা নতুন কিছু নয়১ প্রাচীনকাল থেকে এই পেশা প্রচলিত। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে চোরের উল্লেখ পাওয়া গেছে।
কুক্কুরিপা লিখিত ওই পদের মধ্যস্থ কয়েকটি পঙ্ক্তি এমন,
‘আঙ্গন ঘর পন সুন ভো বি আতী।
কানেট চৌরি নিল অধারাতী।।
সসুরা নিদ গেল বহু জগঅ।
কানেট চোরে নিল কা গই সাগঅ।’
আজকের চলিত বাংলায় এর আক্ষরিক অর্থ হলো আঙিনাসংলগ্ন ঘর থেকে মধ্যরাতে কানের অলংকার চোরে নিয়ে নিল, শ্বশুর নিদ্রা গেলেও বউ জেগে, চোরের চুরি করা কানের গয়না সে কার কাছে খুঁজবে।
আবার প্রাচীন পালাগানেও চোরের বিবরণ পাওয়া যায়। সেখানে চৌর্যবৃত্তির পথে যে কেউ শখ করে আসে না তা চোরদের সহজ স্বীকারোক্তির মাধ্যমে দেখানো হয়েছে। চট্টগ্রাম-নোয়াখালীর এক পালাগানে চোর চুরি করতে গিয়ে গৃহস্বামীর কাছে ধরা পড়ে সোজাসুজি বলে দেয়,
আমার কাফন চোরা নাম।
দুনিয়াতে করি আমি
দাগবাজি কাম॥
নাহি অন্য পেশা আমার
চুরি করি খাই।
তোমার ঘরে সিং দিয়াছি
মালমাত্তার লাই...’।
এ ছাড়াও প্রাচীন সাহিত্য, লোকগীতি, পালাগান ইত্যাদিতে চোরদের বুদ্ধিমত্তা ও চাতুর্যের বিবরণ পাওয়া যায়। আবার কীভাবে পেটের দায়ে মানুষ চুরি করে এসব মর্মান্তিক কাহিনি দেখতে পাওয়া যায়। সেকেলে গরিব, অসহায় মানুষ পেটের দায়ে চুরি করত কিন্তু এখন ঠিক তার উল্টো বর্তমানে যাদের ক্ষমতা আছে তারা গরিব মানুষের সম্পদ চুরি করে। ১৯৪৭ সালের দেশভাগের পর আমরা দীর্ঘ ২৩ বছর পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নিপীড়িত হয়েছি। তখন তারা পূর্ব পাকিস্তানিদের হাড়ভাঙা পরিশ্রমের ফল নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। এখন আমরা স্বাধীন হয়েছি, না এখনো কিছু পাল্টায়নি। এখনো আমাদের অসহায় খেটে খাওয়া মানুষের সম্পদ চুরি হয়। তাদের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল চুরি হয়। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘পাকিস্তান সব নিয়ে গিয়েছে কিন্তু এই চোরগুলো তারা নিয়ে গেলে বাঁচতাম।’
ঠিক এই মুহূর্তে পুরো বিশ্বে এক মহাসংকট বিরাজ করছে। করোনার (কোভিড-১৯) সংক্রমণে বৈশ্বিক অর্থনীতি ছিন্নভিন্ন হয়ে গেছে। এখনো আবিষ্কার হয়নি কোনো ধরনের প্রতিষেধক। বাংলাদেশও এ সংকটের বাইরে নয়। এই সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে চলছে লকডাউন। যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষজন পড়েছে বিপাকে। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের পরিবারে খাদ্যসংকট দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ৬৪ জেলায় ২৯ এপ্রিল পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্রিক টন চাল।

কিন্তু সরকারের এই মহৎ উদ্যোগকে কলুষিত করেছে কিছু অসাধু জনপ্রতিনিধি ও ডিলার। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বরাদ্দকৃত চাল বিতরণ করতে গিয়ে ২৫ জেলায় চাল চুরি হয়েছে ৩৪১ টন, মামলা হয়েছে ৯১টি এবং গ্রেপ্তার করা হয়েছে ৮৯ জনকে। ৭ মে পর্যন্ত এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাতের জন্য ইউনিয়ন পরিষদের ১৯ জন চেয়ারম্যান, ৩১ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং একজন পৌর কাউন্সিলরসহ মোট ৫২ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একটু খেয়াল করলেই আমরা দেখতে পারি বর্তমান চোরেরা পেটের দায়ে চুরি করে না বরং অতি লোভে গরিবের সম্পদ আত্মসাৎ করে। আমরা আরও খেয়াল করলে দেখব, দিন দিন চুরির পদ্ধতিও পাল্টাচ্ছে। নানা পদ্ধতিতে এখন চাল আর তেল চুরি হচ্ছে। গত ১২ এপ্রিলের খবর, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের ঘরের মাটির নিচে চাল পাওয়া যায়। গত ১৭ এপ্রিল রংপুর নগরের পার্বতীপুরে এলাকায় খাটের নিচে এক ব্যবসায়ী ১ হাজার ২৩৮ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। আবার ১৯ এপ্রিল নড়াইলের চিত্রা নদীতে কয়েক শ তেলের বোতল পাওয়া যায়। তেল মজুত করে বোতল ফেলে দিয়েছে। আগেকার মানুষ সোনা-রুপা, টাকাপয়সা বা মূল্যবান জিনিস মাটির নিচে লুকিয়ে রাখার কথা শুনেছি আর এখন অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল-তেল চুরি করে লুকাতে দেখছি।
ড. আকবর আলি খান তাঁর ‘পরার্থপরতার অর্থনীতি’ বইয়ে আসানসোলের মহকুমা প্রশাসক মাইকেল ক্যারিটের কথা লিখেছেন। মাইকেল ক্যারিট তাঁর সঙ্গে এক পাঞ্জাবি ঠিকাদারের কথোপকথনের বর্ণনা করেছেন এভাবে, সেই পাঞ্জাবি ঠিকাদার বলেছিল, ‘হুজুর এ দেশে তিন ধরনের মানুষ আছে। যারা ঘুষ খায় না। যারা ঘুষ খায় এবং কাজ করে। আর তিন নম্বর দলে আছে কিছু...(গালি) বাচ্চা, যারা ঘুষও খায় কিন্তু কাজ করে দেয় না।’ আমার কাছে এসব চাল চোর, তেল চোর এবং জনগণের সম্পদ চোর জনপ্রতিনিধিরা.....মতো। এরা নির্বাচনের সময় জনগণের হাতে-পায়ে ধরে ভোট চায়, আবার জনগণের সম্পদ লুটেপুটে খায়।
তাই এভাবে যারা চুরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হয় এই পরিস্থিতিতে গরিব অসহায় মানুষগুলো না খেয়ে মরে যাবে। চালচোরদের উদ্দেশে একটা কথাই বলব ‘আবার তোরা মানুষ হ!’
লেখক: শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা