চৌহালী উপজেলা পরিষদের আবাসিক ভবন যমুনাগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীতে আকস্মিকভাবে পানি কমে যাওয়ায় সিরাজগঞ্জের চৌহালীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গত ১২ ঘণ্টায় অব্যাহত নদীভাঙনে চৌহালী উপজেলা পরিষদের তিনটি আবাসিক ভবনের প্রায় অর্ধেক অংশ নদীগর্ভে চলে গেছে। এ ছাড়া নদীর পূর্ব পারের খাসকাউলিয়া ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের ১২টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। গ্রামবাসী তাঁদের বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছেন। গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, চৌহালী উপজেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবনের অর্ধেক অংশ নদীগর্ভে চলে গেছে। গতকাল পল্লী উন্নয়ন ও সমাজসেবা কার্যালয় স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যেই বাসিন্দারা আবাসিক ভবনগুলো থেকে আসবাব নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বর্তমানে উপজেলা পরিষদ চত্বর থেকে নদীর পাড়ের দূরত্ব প্রায় ২০ ফুট। এর সঙ্গে খাসধলাই, পড়ুয়াজানী, ঘাসীপাড়া, চৌদ্দরশি, জোতপাড়া, শাকপাল, পাতরাইল, শৈলজানা গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।স্থানীয় মখদুম আলী জানান, গতকাল দুপুর থেকে নতুন করে ভাঙন শুরু হয়। এক ঘণ্টার ব্যবধানে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের দুটি ভবনের আংশিক ভেঙে গেছে। ভাঙনের আগে সকালে তীর থেকে নদীর দূরত্ব ৪০ ফুট ছিল। এখন তা অনেক কাছে চলে এসেছে। এভাবে ভাঙতে থাকলে আগামী ২৪ ঘণ্টায় পুরো আবাসিক ভবনসহ উপজেলা পরিষদ চত্বর নদীগর্ভে বিলীন হতে পারে। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, নদীতে পানি কমে যাওয়ায় গতকাল থেকে ভাঙনের তীব্রতা বেড়েছে। বর্তমানে উপজেলা পরিষদ চত্বর এলাকায় যমুনা নদীতে গভীরতা বেশি থাকায় ভাঙন প্রতিরোধে পাকা অবকাঠামোগুলো নদীগর্ভে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যে কারণে এগুলো নিলাম করা হয়নি। উপজেলা সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে ভাঙনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সব চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।এক সপ্তাহ আগে ভাঙনে ধসে যাওয়া চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক জুয়েল সরকার জানান, বর্ষার শুরুতে পাউবো বস্তা ফেলে ভাঙন রোধ করেছিল। মাঝে এ কাজ বন্ধ করে দেওয়ায় ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে এই উপজেলার নদীতীরবর্তী চারটি ইউনিয়নের তিন শতাধিক বাড়িঘর, সহস্রাধিক বিঘা আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। প্রায় ৫০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। পাউবোর কর্মকর্তারা বস্তা ফেলা অব্যাহত রাখলে ভাঙনের বিস্তৃতি ঘটত না।এই ভাঙন এলাকার দেখভালের দায়িত্বে নিয়োজিত পাউবোর টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হাসান বলেন, নদী পূর্ব দিকে চলে আসছে। যে গতিতে ভাঙন শুরু হয়েছে, তাতে বস্তা ফেলেও প্রতিরোধ করা সম্ভব না। নদীর গভীরতা বেশি হওয়ায় নিচ থেকে ভাঙন শুরু হয়েছে। ফলে ওপর থেকে ভরাট করেও বস্তা রাখা যাচ্ছে না। স্রোতের টানে ভেসে যাচ্ছে। যে কারণে উপজেলা পরিষদ চত্বরটি হয়তো ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব না-ও হতে পারে।