চৌহালীতে এক মাসে ৪ স্কুল যমুনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক মাসে চারটি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়েছে। এ নিয়ে তিন বছরে উপজেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেল। স্থায়ী অবকাঠামোর অভাবে এখন এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ঝরে পড়ছে বহু শিক্ষার্থী।

জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই যমুনা ভয়ংকর রূপ ধারণ করে। ক্রমাগতভাবে বসতবাড়ি, ফসলি জমি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনা নদীতে বিলীন হচ্ছে। গতকাল শুক্রবার পর্যন্ত এক মাসে চৌহালীর পশ্চিম শৌলজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাস সাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউসুফশাহী সলঙ্গী প্রাথমিক বিদ্যালয় ও মিস্ত্রিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় যমুনা গর্ভে চলে গেছে।

চৌহালীর মিস্ত্রিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিই ভবন ছিল। এতে চারটি শ্রেণিকক্ষ ও একটি অফিসকক্ষ ছিল। ১৯ জুলাই সরেজমিনে দেখা যায়, ভবনটি যমুনার ভাঙনে বিধ্বস্ত হয়ে পড়ে আছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম বলেন, ২০০৯-১০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরাদ্দকৃত ৩৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছিল। এখন পাশের এলাকার একটি বাড়িতে খুপরি তুলে কোনোরকমে পাঠদান (ক্লাস) চলছে। বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মিস্ত্রিগাতী গ্রামের বাসিন্দা বাবুল সরদার বলেন, ভাঙনের কারণে বিদ্যালয়ের কার্যক্রম ঠিকমতো চলছে না। প্রতিষ্ঠানের কার্যক্রম এখন চলছে দূরের একটি জায়গায়। ফলে শিক্ষার্থীদের সেখানে যেতে সমস্যা হচ্ছে। গ্রামের অনেক ছেলেমেয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

ভাঙনকবলিত বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, চৌহালীতে বন্যার মৌসুম এলে শিক্ষার্থী ঝরে পড়ার হার বেড়ে যায়। তাঁদের মতে, গত তিন বছরে এ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রায় দেড় হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে।

চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ বলেন, যমুনায় বিলীন হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আশপাশের বাড়ি অথবা খোলা স্থানে ঘর তুলে পাঠদানের ব্যবস্থা চালু রাখা হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে নজরদারি বাড়ানো হয়েছে। আর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে দ্রুত ভবন নির্মাণের জন্য ব্যবস্থা নিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছেন। অবকাঠামোগত উন্নয়ন হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এদিকে উপজেলার আরও ১১টি প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনা ভাঙনে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীভাঙন অব্যাহত থাকায় এর মধ্যে পাঁচ-সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিন বছরে ৬৩

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় বলছে, চৌহালী উপজেলায় যমুনা নদীর ভাঙনের তীব্রতা অনেক বেশি। ফলে বসতবাড়ি ও আবাদি জমির পাশাপাশি প্রতিবছরই এখানে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়ছে। এবারের চারটিসহ গত তিন বছরে উপজেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে ২৯টিই প্রাথমিক বিদ্যালয়। বাকিগুলো মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজ।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিই এখন পর্যন্ত অবকাঠামো নির্মাণ করতে পারেনি। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে টিনের ছাপড়া তুলে কোনোরকমে পাঠদান চলছে। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেরই ঠাঁই হয়েছে আশপাশের এলাকায় বাড়ির আঙিনায় বা অন্য কোনো প্রতিষ্ঠানে। অনেক প্রতিষ্ঠানের কার্যক্রম পাশের কোনো ইউনিয়ন বা গ্রামে সরিয়ে নিতে হয়েছে। এতে অনেক ছেলেমেয়ের ক্ষেত্রেই শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব বেড়ে গেছে। অভিভাবকেরা সন্তানদের এত দূরে পাঠাতে চান না। ফলে অনেক শিক্ষার্থীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, চৌহালী উপজেলায় গত তিন বছরে ভাঙনের শিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভবন তৈরি ও সংস্কারকাজের জন্য অর্থ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আপাতত ব্যবস্থা হিসেবে গত বছর ভাঙনের শিকার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ হাজার টাকা করে পেয়েছে। এই টাকা দিয়ে টিনের ছাপড়া তুলে পাঠদান চালানোর ব্যবস্থা করা হয়েছে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, ভাঙনে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির বিষয়টিকে তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক তদারক করা হচ্ছে। আর নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।