চৌহালীতে চিনি ভেবে শরবত বানিয়ে খেয়ে চারজনের মৃত্যু
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের দীঘলকান্দি চরে চিনি ভেবে এক ধরনের সাদা পদার্থ দিয়ে শরবত বানিয়ে খাওয়ার পর চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ একজন এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া ব্যক্তিরা সবাই শ্রমিক। তাঁরা হলেন—উপজেলার এনায়েতপুরের নওহাটা গ্রামের আবদুল্লাহ (৪০), আবুল কাশেম (১৬), ফরিদ উদ্দিন (২৩) ও বুলি খাতুন (৩০)। অসুস্থ মাজেমের (৪০) বাড়ি আরকান্দি গ্রামে। অসুস্থ মাজেমের বরাত দিয়ে স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, গতকাল ওই পাঁচ শ্রমিক দীঘলকান্দি গ্রামের চর এলাকায় কাশবন কাটার জন্য যান। দুপুরের দিকে কাশবনের মধ্যে পলিথিনের ব্যাগে চিনির মতো সাদা এক ধরনের পদার্থ দেখতে পান তাঁরা। চিনি ভেবে এই পদার্থ পানিতে গুলে তাঁরা শরবত বানিয়ে খান। এর পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে, চিনির মতো দেখতে জিনিস বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ। এই পদার্থের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হতে পারে।