চৌহালীতে দুটি ব্যাংক ভবন ঈদগাহ বিলীন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরে গত তিন দিনে একটি ঈদগাহ মাঠ এবং সোনালী ও কৃষি উন্নয়ন ব্যাংকের উপজেলা শাখা কার্যালয় ভবন যমুনায় বিলীন হয়ে গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার যমুনা নদীতে ভাঙনের তীব্রতা বাড়ায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন ৫ জুলাই ভাঙনকবলিত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেন। এরপর ভাঙন প্রতিরোধে বালুর বস্তা ফেলা হয়। এতে করে সাময়িকভাবে ভাঙন কিছুটা রোধ হয়। কিন্তু তিন দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিনে উপজেলা সদরের ঈদগাহ মাঠ ও দুটি ব্যাংক ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ওই কার্যালয় দুটি পার্শ্ববর্তী একটি কলেজে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী জানান, ভাঙনকবলিত এলাকাটি টাঙ্গাইল পাউবোর অন্তর্ভুক্ত। পাউবোর কর্মকর্তারা টাঙ্গাইল সদরে বাস করায় তারা ঘটনাস্থলে তদারক কম করেন। এ কারণে ঠিকাদারেরা তাঁদের ইচ্ছামতো বস্তা ফেলছেন। ফলে ভাঙন রোধে তা কোনো কাজে আসছে না। তাই তিন দিনে দুটি ব্যাংক ভবনসহ ঈদগাহ মাঠ নদীগর্ভে চলে গেছে।
টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ জানান, এরই মধ্যে ৪৫ হাজার জিও ব্যাগ নিক্ষেপ করা হয়েছে। এতে এই এলাকায় ভাঙন কিছুটা রোধ হয়েছে। উজানের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে এক লাখ জিও ব্যাগ নিক্ষেপের জন্য বরাদ্দ পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে জিও ব্যাগ ফেলা শুরু হবে।