চৌহালীতে নির্মাণাধীন বাঁধে আবার ধস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর নির্মাণাধীন স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের একাংশ আবার ধসে গেছে। গত সোমবার ভোররাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বাঁধের প্রায় ৫০ মিটারজুড়ে সিসি ব্লকসহ ধসে যায়। দুই সপ্তাহের ব্যবধানে বাঁধে দ্বিতীয় দফায় ধস নামায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাঁধের তলদেশ থেকে মাটি সরে এই ধস নামার ঘটনা ঘটছে। ধস নিয়ন্ত্রণে আনতে বালুর বস্তা ফেলা শুরু হয়েছে।
পাউবোর টাঙ্গাইল কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌহালী উপজেলা ভাঙন থেকে রক্ষার জন্য যমুনা নদীর পূর্ব তীরে স্থায়ীভাবে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণকাজ শুরু করা হয় ২০১৫ সালে। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই বাঁধের কাজ বর্তমানে চলমান রয়েছে। গত সোমবার ভোররাতে আকস্মিকভাবে বাঁধের চৌহালী ফাজিল মাদ্রাসা রোড এলাকায় ধস দেখা দেয়। বাঁধের নিচের মাটি সরে যেতে থাকে। একের পর এক সিসি ব্লক দেবে যায়। সকাল ১০টা পর্যন্ত বাঁধের প্রায় ৫০ মিটার অংশ নদীগর্ভে চলে যায়।
এর আগে ২ মে একই বাঁধের জাজুরিয়া খগেনের ঘাট এলাকায় প্রায় ৭০ মিটার অংশ ধসে যায়। ওই সময় বালুভর্তি জিওব্যাগ ফেলে ধস ঠেকানো হয়।
চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের নুর মোহাম্মদ বলেন, ‘বর্ষার আগেই যেভাবে ধস নামছে, ভরা বর্ষার সময় কী হবে—এ নিয়ে চিন্তায় ব্যাকুল হয়ে পড়েছি। বারবার ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই বাঁধের পাশে থাকা তাঁদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন।’
পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, যমুনার পানি বাড়ায় প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। যে কারণে বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে বাঁধ ধসে গেছে। তবে এতে আতঙ্কের কিছু নেই। এসব স্থানে পুনরায় বালু ভরাট করে সংস্কার করা হবে। বর্তমানে ধস নিয়ন্ত্রণে আনা হয়েছে।