চৌহালীতে পাঁচ কিলোমিটারে হঠাৎ ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর এলাকায় যমুনা নদীতে আকস্মিক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে এ এলাকার পাঁচ কিলোমিটারজুড়ে ভাঙনে শতাধিক বসতভিটা বিলীন হয়ে গেছে।ভাঙন অব্যাহত থাকায় একটি প্রাথমিক বিদ্যালয়সহ বসতঘর ও সহস্রাধিক বিঘা আবাদি জমির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের কাছে একাধিকবার আবেদন করেও কোনো লাভ হয়নি।পাউবোর সিরাজগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যমুনার পশ্চিম তীর এলাকার চাঁদপুর থেকে দক্ষিণে এনায়েতপুর হাসপাতালসংলগ্ন বেতিল ও কোচগ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকার ছয়টি গ্রামজুড়ে এ ভাঙন চলছে। সদ্য নির্মিত চাঁদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নদী থেকে ৪০ মিটার দূরে অবস্থিত। এসব এলাকার মানুষ বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম শিকদার জানান, এক সপ্তাহের ব্যবধানে চাঁদপুরসহ যমুনা নদীর পশ্চিম তীর এলাকায় শতাধিক বসতভিটা বিলীন হয়েছে। ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বিদ্যালয় ভবনও হুমকির মুখে পড়েছে।